ডিএসইতে মূলধন কমল ৩৯০১ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৫৭ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গতকাল রোববারের (২৬ এপ্রিল) তুলনায় আজ বাজারে মূলধন কমেছে তিন হাজার ৯০১ কোটি টাকা। লেনদেন কমে এদিন ৯৫৬ কোটি টাকায় নেমে এসেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর চার মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ২৭ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর দুই ঘণ্টা চার মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ২৩ পয়েন্ট। পরে সূচকটি পতনে চলে আসে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের পতন হয়েছে ১৫ দশমিক ৬১ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩০০ দশমিক ৫৭ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক আট দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৫৬ দশমিক ৬৬ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক আট দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ১৭ দশমিক ৭৪ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫৬ কোটি এক লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৯৮২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৩ হাজার ৮০২ কোটি ৩৫ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৮৭ হাজার ৭০৩ কোটি ২৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২২৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ৪৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ৩৬ কোটি ৮৯ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৩১ কোটি ৫৬ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ২৬ কোটি ৩৪ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের ২১ কোটি ৫১ লাখ টাকা, পিপলস লিজিংয়ের ১৭ কোটি ৪৬ লাখ টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৩৭ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৭ কোটি ৩১ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১৭ কোটি তিন লাখ টাকা এবং খান ব্রাদার্সের ১৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্টের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৬৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক