বেশিরভাগ কোম্পানির দর উত্থান, লেনদেন ৭৪৬ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ সোমবারে (২ ফেব্রুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৪ পয়েন্ট। গতকাল রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ৮০৯ কোটি টাকা। লেনদেন বেড়ে এদিন ৭৪৬ কোটি টাকার ঘরে চলে এসেছে। লেনদেনে অংশ নেওয়া ৫৫ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে ওঠে আসে। লেনদেন শুরুর প্রথম ২৯ মিনিটেই সূচক ডিএসইএক্স উত্থান হয় ৫৬ পয়েন্ট। পরে উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা পাঁচ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৩২ পয়েন্ট। পর সূচকটি ফের উত্থান ফিরে।
এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয়েছে ৫৪ দশমিক ৩৯ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৪৭ দশমিক ৩০ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ১২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৫৫ দশমিক ৮৩ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২০ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১৭ দশমিক ৮৩ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৬২৬ কোটি ৮৯৬৮ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬২২ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৯৬ হাজার ৮১৩ কোটি ৪৮ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১৫টির, কমেছে ১০৭টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— সিটি ব্যাংকের ২৭ কোটি ৭৯ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ২০ কোটি ৯২ লাখ টাকা, প্রগতি লাইফের ২০ কোটি ৭৬ লাখ টাকা, সিমটেক্সের ২০ কোটি ৩৮ লাখ টাকা, ট্রাস্ট ব্যাংকের ১৯ কোটি ৩৫ লাখ টাকা, মিডল্যান্ডের ১৭ কোটি ৯১ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১৫ কোটি ৭৫ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১১ কোটি ৬৭ লাখ টাকা ও নাভানা ফার্মার ১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৮০ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক