ঈদুল আজহার চাঁদ অনুসন্ধানের তারিখ জানাল আরব আমিরাত
পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে জিলহজ মাসের চাঁদ দেখার তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফতোয়া পরিষদ জানিয়েছে, আগামী রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের সূচনাসূচক নতুন চাঁদ পর্যবেক্ষণে নামবেন তারা। এই চাঁদ দেখার মাধ্যমেই হজের গুরুত্বপূর্ণ দিনগুলো ও দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।
সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া পরিষদ জানিয়েছে, আধুনিক প্রযুক্তি ও উন্নত পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে দেশজুড়ে জিলহজ মাসের চাঁদ দেখার প্রক্রিয়াটি পরিচালিত হবে। এই বিশেষ কার্যক্রমটি সফল করতে জাতীয় পর্যবেক্ষণাগার ও বিভিন্ন বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রগুলোর মধ্যে নিবিড় সমন্বয় করা হয়েছে। উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিখুঁতভাবে চাঁদ দেখার প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাঁদ দেখার এই গুরুত্বপূর্ণ কার্যক্রমটি বেশ কয়েকটি স্বনামধন্য প্ল্যাটফর্ম ও অবজারভেটরির মাধ্যমে সম্পন্ন করা হবে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় পরিচালিত আল খাতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি ও দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের অংশীদারিত্বে দুবাই স্কাই ভিউজ অবজারভেটরি। এছাড়া শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির তত্ত্বাবধানে শারজাহ অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকেও পর্যবেক্ষণের কাজ চালানো হবে।
জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমেই হজের সময় ও পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারিত হয়। জিলহজ মাসের নবম দিনে আরাফাতের দিন ও দশম দিনে ঈদুল আজহার প্রথম দিন পালিত হয়ে থাকে।

এনটিভি অনলাইন ডেস্ক