আপনার জিজ্ঞাসা
বিপদে পড়লে ফজরের নামাজে দোয়া কুনুত পড়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২০৩৬তম পর্বে ব্যক্তিগত বিপদে ফজরের ফরজ নামাজে দোয়া কুনুত পড়া যাবে কি না, সে সম্পর্কে শনির আখড়া, ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন এক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : নিজের ব্যক্তিগত বিপদে কি ফজরের ফরজ নামাজে দোয়া কুনুত পড়া যায়?
উত্তর : হ্যাঁ, ফজরের ফরজ নামাজে দোয়া কুনুত পড়া সুন্নত, এটি রাসুলের (সা.) হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই মর্মে ইমাম শাফেঈ (রহ.)-এর বক্তব্য ও অনেকগুলো সহিহ হাদিস দ্বারাও সাব্যস্ত হয়েছে যে, নবী (সা.) এটি পড়েছেন। নবী (সা.) যে কাজটি একবার করেছেন মর্মে সাব্যস্ত হয়েছে, সেটিও সুন্নাহের মধ্যে অন্তর্ভুক্ত এবং তিনি কখনো এটি করতে নিষেধ করেননি।
তাই ফজরের ফরজ নামাজে যদি কেউ কুনুতে নাজেলা পড়েন, যেটি আল্লাহর বান্দা কোনো বিপদ-আপদের সময় পড়ে থাকেন, তাহলে এটি জায়েজ, পড়তে পারবেন।

অনলাইন ডেস্ক