রাবি ছাত্রলীগের ২৫তম সম্মেলন কাল
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নের জন্য প্রায় ৭০ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
ছাত্রলীগের এ সম্মেলনকে ঘিরে এরই মধ্যে বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস। ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে ক্যাম্পাস ও আশপাশের এলাকা।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কাদের প্রাধান্য দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নতুন কমিটির সভাপতি পদপ্রার্থী রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘যেহেতু এটা শিবির অধ্যুষিত এলাকা, তাই এখানে যেসব প্রার্থী শিবিরকে বিতাড়িত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, করবে তাদেরই হয়তো প্রাধান্য দেওয়া হবে। ক্যাম্পাসে যেসব প্রার্থী শান্তিপূর্ণ পরিবেশ দিতে সক্ষম, যাদের নামে কোনো অভিযোগ নেই, স্বচ্ছ ইমেজ রয়েছে, সেই সঙ্গে সাংগঠনিক দক্ষতাও বেশি রয়েছে, এই ধরনের নেতৃত্ব আমরা প্রত্যাশা করি। কেন্দ্রীয় ছাত্রলীগও হয়তো প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেদিকেই মনোযোগ দেবে।’
দলে শীর্ষ দুই পদের জন্য বেশি আলোচিত হচ্ছে রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহানুর ইসলাম শাকিল ও গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহসভাপতি মেহেদী হাসান রাসেল, ছাত্রলীগ নেতা মিনারুল ইসলাম ও সদস্য সাকিবুল হাসান বাকি।
এ ছাড়া নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকা অন্য প্রার্থীদের মধ্যে কাওসার আহম্মেদ কৌশিক, তন্মায়ান্দ অভি (অছাত্র), শরিফুল ইসলাম সাদ্দাম (অছাত্র), ক্রীড়া সম্পাদক কাজী আমিনুল হক লিঙ্কন, ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহ, আবদুল্লাহ আল মাসুদ, তাসকিন পারভেজ শাতিল, আতিকুর রহমান সুমন (ছাত্রত্ব শেষ), দেলোয়ার হোসেন ডিলস, রেজাউল করিম শামীমের নাম উঠে এসেছে। প্রার্থী হয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি রাঞ্জু ও সাধারণ সম্পাদক বিপ্লবও।
এঁদের মধ্যে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নতুন কমিটির সভাপতি পদপ্রার্থী শাহানুর ইসলাম শাকিল বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি রাবি ছাত্রলীগের সঙ্গে আছি। খারাপ সময়, ভালো সময় সব সময়ই থেকেছি। নিজের স্বচ্ছ ইমেজ রেখে রাজনীতি করেছি। তা ছাড়া ছাত্রলীগের নাম ধারণ করে ক্যাম্পাসে যে ধরনের অন্যায় করে বেড়ায় কিছু মানুষ, আমার ছয়-সাত বছরের রাজনীতিতে আমি নিজে বা আমার লোকজন এ ধরনের কোনো অন্যায়-অপরাধের সঙ্গে জড়ায়নি।’
‘তাই আমাকে যদি মনোনয়ন করা হয়, তাহলে আমি ক্যাম্পাসে ছাত্রলীগের নাম করে কেউ কোনো অন্যায় করলে সে ক্ষেত্রে আমি জিরো টলারেন্স থাকব।’
বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে অনুষ্ঠেয় সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, রাজশাহী মহানগর সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সর্বশেষ ২০১৩ সালের ২০ জুলাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মিজানুর রহমান রানাকে সভাপতি ও তৌহিদ আল হোসেন তুহিনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার।

রাবি সংবাদদাতা