নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘ফার্মা ফেস্ট’র বর্ণিল উৎসব
শীর্ষ ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এবং স্বাস্থ্যসেবা দেয় এমন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ফার্মেসি বিভাগের আয়োজনে হয়ে গেল ফার্মা ফেস্ট।
২০১০ সাল থেকেই এ উৎসবের আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগ। এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় ফার্মা ফেস্ট-২০১৬। এবারের প্রতিপাদ্য ‘শুধু মেডিকেশন নয়, সমাধান নিন’।
দারুণ এই আয়োজনে একই ছাদের নিচে ছিল দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলোর পণ্যের প্রদর্শনী। সেই সঙ্গে ছিল ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা নানা প্রকল্প, পোস্টার, ফার্মা অলিম্পিয়াডসহ নানা আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক জি ইউ আহসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ড. সাইফুল ইসলাম, জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোমেনুল হক, এনএসইউর ছাত্রবিষয়ক পরিচালক ড. এমদাদুল হক এবং ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. হাসান মাহমুদ রেজা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যাল ক্লাবের শিক্ষক উপদেষ্টা ফারহাদ হাবিব।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম। তিনি ফার্মা ফেস্টের সাফল্যের নানা দিক তুলে ধরেন। সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য আজিম উদ্দিন আহমেদ, বেনজীর আহমেদ, ইয়াসমিন কামাল, উপাচার্য আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষ গৌর গোবিন্দ গোস্বামীসহ অন্যরা।
ফার্মা ফেস্টের বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীনের পরিবেশনা। সন্ধ্যায় উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থী ও অতিথিদের সামনে গান পরিবেশন করে ব্যান্ডটি। এ ছাড়া মনোমুগ্ধকর নাচ, গান, নাটক এবং ফ্যাশন শোর মাধ্যমে উৎসবকে রঙিন করে তোলেন বিভাগের শিক্ষার্থীরা।

অনলাইন ডেস্ক