জাবিতে হল প্রভোস্টকে লাঞ্ছিত করার অভিযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে প্রভোস্ট ওবায়দুর রহমান লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার রাতে প্রভোস্ট হলের গণরুমে নতুন শিক্ষার্থীদের খোঁজখবর নিতে গেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাল রাতে হলের ৪৪তম ব্যাচের জুনিয়র ছাত্রলীগের কর্মীরা ৪৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিয়ে গণরুমে বসে। তখন হল প্রভোস্ট অধ্যাপক ওবায়দুর রহমান নবীন শিক্ষার্থীদের খোঁজখবর নিতে সেখানে যান। ওই সময় প্রভোস্টকে গণরুমে প্রবেশ করতে দেখেই জুনিয়র ছাত্রলীগকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। বিষয়টি সিনিয়র নেতাদের জানালে তারা প্রভোস্টের ওপর চড়াও হয়।
পরে প্রভোস্ট গণরুম থেকে বেরিয়ে গেলে হল শাখা ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক বশিরুলের নেতৃত্বে ছাত্রলীগের ৩০-৩৫ নেতাকর্মী তাঁকে ঘিরে ধরে। ওই সময় তারা প্রভোস্টকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে। পরে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে প্রভোস্টকে মুক্ত করেন।
এ বিষয়ে মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি তাইমুর রহমান রাসেল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
তবে গালাগালের কথা স্বীকার করে ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটু বলেন, ‘জুনিয়ররা ক্ষুব্ধ হয়ে গালাগাল করেছে। কেউ গালাগাল করলে আমরা কী করব।’
এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

জাহিদুর রহমান