জাবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে কাজল-সোহাগ
সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেছে ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ।
গতকাল মঙ্গলবার বিকেলে রুদ্ধদ্বার কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার নতুন নেতৃত্ব গঠন হয়।
বৈঠকে সংগঠনের বিগত দিনের কাজের পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বিষয়েও আলোচনা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি হয়েছেন ৪০তম আবর্তনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দীপাঞ্জন সিদ্ধার্থ কাজল। সাধারণ সম্পাদক হয়েছেন ৪১তম আবর্তনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবিদ সরকার সোহাগ।
সভাপতি কাজল এর আগের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আর সাধারণ সম্পাদক সোহাগ আগের কমিটির কোষাধ্যক্ষ ছিলেন।
২৫ সদস্যের নতুন কমিটির অন্য নেতারা হলেন সহসভাপতি ইমরান নাদিম ও অনার্য রায়হান, সহসাধারণ সম্পাদক সৌমিত্র সাহা পার্থ ও মো. শফিকুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান, কোষাধ্যক্ষ নজির আমিন চৌধুরী জয়, দপ্তর সম্পাদক সিয়াম রায়হান, সাংস্কৃতিক সম্পাদক মিতুল মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাজ্জাদ সারোয়ার সায়েম, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক শাদ আশরাফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম অনিক, ক্রীড়া সম্পাদক নাজমুল হাসান নাইম, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক মীর রুম্মান ওয়ালি এবং সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক সোয়েব।
কমিটির সদস্য হিসেবে থাকছেন তন্ময় ধর, সর্দার জাহিদুল ইসলাম, নাহিদ তাসনিয়া জাহান রিয়া, নাইমুল আলম মিশু, সালমান মাহফুজ, রাকিবুল হক ও জিসান জামিল।
এ ছাড়া দুটি শূন্য পদে পরবর্তী সময়ে দুজনকে কো-অপট (সংযুক্ত) করে নেওয়া হবে।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে ২৬তম সম্মেলনের উদ্বোধন হয়।
উদ্বোধক হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের প্রথম সভাপতি এ কে এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতি হিসেবে দলীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তন্ময় ধর।
অনুষ্ঠানের ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকী আক্তার বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের সময় যে শিক্ষাব্যবস্থার কথা বলেছিলাম, সেই শিক্ষাব্যবস্থা আজও বাস্তবায়িত হয়নি। নব্বইয়ের ছাত্র আন্দোলনে স্বৈরাচারী এরশাদ বিদায় নিলেও আজকের ক্ষমতাসীনরা সেই এরশাদকে সঙ্গে নিয়েই দেশ চালাচ্ছে। কিন্তু মাঝখান থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ বন্ধ করে দেওয়া হয়েছে’
‘বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণাসহ সকল ক্ষেত্রকে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে। দেশে আজ চতুর্থ শ্রেণির কর্মচারী থেকে শুরু করে দেশের সকল পর্যায়ে নির্বাচন হচ্ছে। কিন্তু যাদের জন্য বিশ্ববিদ্যালয়, সেই তাদেরই অধিকার আদায়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখা হয়েছে।’
লাকী তাঁর বক্তব্যে অবিলম্বে দেশের সব ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতৃবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সেটি ক্যাফেটেরিয়া চত্বরে গিয়ে শেষ হয়।

জাবি সংবাদদাতা