ছাত্রলীগের নেতাকর্মীদের শাস্তির দাবিতে ঢাবি প্রক্টরকে স্মারকলিপি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের অব্যাহত হামলার প্রতিবাদে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক আক্তার হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলীকে এ স্মারকলিপি দেন।
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিক স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়েছে, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিক্ষায় সুষ্ঠু পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে গত ২১, ২৫ ও ২৯ ফেব্রুয়ারি ছাত্রদলের নেতাদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, আগামী দিনে সন্ত্রাসমুক্ত শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে, যেকোনো কঠোর কর্মসূচি দিতে পিছপা হবে না।
বাশার বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শারীরিকভাবে নির্যাতন করে আহত করা হয়েছে। আমরা এই বিষয়ে একাধিকবার উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার চেয়েও বিচার পাইনি। তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম ব্যহত হোক এমন কোনো কর্মসূচি আমরা দেইনি। কিন্তু ২১, ২৫ ও ২৯ ফেব্রুয়ারি যে সন্ত্রাসী হামলা হয়েছে, এরপরও চুপ করে বসে থাকতে পারি না।’

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা