ইউল্যাবে সিএসডির অগ্রযাত্রার এক দশক
গতকাল বুধবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের (সিএসডি) অগ্রযাত্রার এক দশক পূর্তি উদযাপিত হয়। এ উপলক্ষে গতকালই এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ইউল্যাবে।
২০০৪ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) স্বল্পসময়ে বাংলাদেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। টেকসই উন্নয়নবিষয়ক বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি ইউল্যাবের সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের (সিএসডি) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে গবেষণা কার্যক্রম এবং সে সঙ্গে স্বতন্ত্রভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে।
সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের (সিএসডি) পরিচালক অধ্যাপক ড. হামিদুল হক জানান, ‘জাতিসংঘ ২০১৫ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ঘোষণা করেছে। আর সিএসডির যাত্রা শুরু হয় ২০০৬ সালে। কাজেই টেকসই উন্নয়নবিষয়ক গবেষণায় ইউল্যাব-সিএসডি বাংলাদেশে পাইওনিয়ার।’ ড. হামিদুল হক আরো বলেন, ‘ইউল্যাব-সিএসডিতে বর্তমানে আটটি গবেষণা প্রকল্প চলমান রয়েছে। ১৫টি গবেষণা প্রকল্প এরই মধ্যে শেষ হয়েছে। গবেষণালব্ধ ফল থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৩১টি নিবন্ধ ও বই প্রকাশ করা হয়েছে।’
১০ পাউন্ডের কেক কেটে সিএসডির এক দশক পূর্তি উৎসব উদযাপন করা হয়। পরে সিএসডি থেকে প্রকাশিত ‘জেন্ডার ইন অ্যাকোয়াকালচার’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। উৎসবে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, ট্রাস্টি বোর্ডের মেম্বার, দেশি-বিদেশি অধ্যাপকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফিচার ডেস্ক