জাবিতে প্রদর্শিত হবে ‘জালালের গল্প’
আগামীকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ‘জালালের গল্প’ চলচ্চিত্রটি। জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটির (জেএসএফএস) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
আজ মঙ্গলবার জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটির দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান।
মুশফিকুর রহমান বলেন, বুধবার বেলা ১১টায়, দুপুর ১টায়, বিকেল ৩টায়, বিকেল ৫টায় এবং সন্ধ্যা ৭টায় মোট পাঁচ বার সিনেমাটি দেখানো হবে।
প্রদর্শনীর দিন সিনেমাটির পরিচালক আবু শাহেদ ইমনসহ অন্য কলাকুশলীরাও উপস্থিত থাকবে বলে জানান তিনি। দর্শকরা পরিচালকের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে পারবেন ।
‘জালালের গল্প’ সিনেমাটি এরই মধ্যে ২০টির অধিক জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এ ছাড়া গত বছর ভারতের কেরালায় অনুষ্ঠিত কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা নবাগত পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন এর পরিচালক আবু শাহেদ ইমন।

জাবি সংবাদদাতা