হল ছেড়েছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীরা
বন্ধ ঘোষিত ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীরা আজ শুক্রবার সকাল থেকেই হল ছাড়তে শুরু করেন। ছবি : এনটিভি
বন্ধ ঘোষিত ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীরা আজ শুক্রবার সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার কলেজ বন্ধের ঘোষণা দেওয়ার পর কর্তৃপক্ষ সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেয়। ছেলেরা হল ছেড়েছেন বৃহস্পতিবার রাতেই।
কলেজ অধ্যক্ষ ড. নুরুল ইসলাম বলেন, সকালে ছাত্রীরা হল ছেড়ে গেছে। আগামী ১৪ ডিসেম্বর থেকে কলেজের শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা। কিন্তু সংঘর্ষের কারণে দুজন ছাত্র আহত হওয়ায় পরিস্থিতি আবনতির আশঙ্কায় ক্যাম্পাস ১১ দিন আগেই বন্ধ করে দিতে হলো। কলেজ খুলবে আগামী ২৬ ডিসেম্বর।
গতকাল বিকেলে ছাত্রলীগ নেতা হাবিব ও রানা পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় রানা (২২) ও সাফিকুল (২০) নামের দুজন আহত হন। আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সাফিকুলকে ঢাকায় পাঠানো হয়।

আইয়ুব আলী, ময়মনসিংহ