রমজানের আগে খেজুর আমদানিতে অতিরিক্ত শুল্ক অব্যাহতি
আসন্ন রমজানে খেজুর আমদানির চাপ কমাতে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুরের ওপর অতিরিক্ত শুল্ক অব্যাহতি দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় আজ সোমবার (২৩ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে তাজা ও শুকনো—দুই ধরনের খেজুরের ওপরই ৫ শতাংশের বেশি অতিরিক্ত শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
এই সুবিধার আওতায় এইচএস কোড ০৮.০৪-এর চার ধরনের খেজুর রয়েছে। এগুলো হলো আড়াই কেজি পর্যন্ত ওজনের প্যাকেটে মোড়ানো বা কৌটায় ভরা তাজা খেজুর ও অন্যান্য তাজা খেজুর এবং আড়াই কেজি পর্যন্ত ওজনের প্যাকেটে মোড়ানো বা কৌটায় ভরা শুকনো খেজুর ও অন্যান্য শুকনো খেজুর।
সরকার সীমিত সময়ের জন্য আমদানি করা আরও কিছু ফলের ওপরও কর ছাড় ঘোষণা করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কমলা ও আপেলের ওপর ৫ শতাংশের বেশি অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), ২০ শতাংশের বেশি অতিরিক্ত সম্পূরক শুল্ক ও অগ্রিম কর অব্যাহতি দেওয়া হবে।
কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর বিধান অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে পরামর্শ করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করেছে।
জনস্বার্থে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি তাৎক্ষণিক কার্যকর হয়েছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)