দেশি-বিদেশি এয়ারলাইনসগুলোকে ভাড়া পুনর্বিবেচনার নির্দেশ বেবিচকের
বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইনসগুলোকে উড়োজাহাজের কেবিন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করা এবং বিমানভাড়া পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। কিছু উড়োজাহাজে কেবিনের অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং একই এয়ারলাইনসের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশের রুটে অপেক্ষাকৃত নিম্নমানের সেবা চোখে পড়ার পর এক চিঠিতে এ নির্দেশ দিয়েছে বেবিচক।
বুধবার (১১ নভেম্বর) বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমোডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে ভ্রমণ দূরত্ব ও প্রদত্ত সেবার তুলনায় অপেক্ষাকৃত বেশি বিমানভাড়া নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
চিঠিতে বলা হয়, ‘লক্ষ্য করা গেছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু উড়োজাহাজের যাত্রী কেবিন সঠিকভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হয় না।’
এতে বলা হয়, কিছু ক্ষেত্রে আসন, মেঝে, কার্পেট, শৌচাগার, ট্রে টেবিলসহ কেবিনের অন্যান্য অংশ অপরিষ্কার ও নোংরা অবস্থায় পাওয়া গেছে।
বেবিচক সব এয়ারলাইনসকে প্রতিটি ফ্লাইটের উড্ডয়নের আগে কেবিন যথাযথভাবে পরিষ্কার করা এবং আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও অন্যান্য অংশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি যাত্রী নিরাপত্তা, আরাম ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারে— এমন মানের উড়োজাহাজ ব্যবহারেও অনুরোধ জানানো হয়েছে সংস্থাটি।
বেবিচক জানায়, সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর অন্যান্য আন্তর্জাতিক রুটের যাত্রীরা যে মানের সেবা ও সুবিধা পেয়ে থাকেন, বাংলাদেশে আসা-যাওয়া করা যাত্রীদেরও ঠিক একই মানের সেবা দিতে হবে।
টিকিটের মূল্যের বিষয়ে ভ্রমণের দূরত্বের সঙ্গে সংগতিপূর্ণ ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিমান ভাড়া পর্যালোচনার অনুরোধ জানিয়েছে বেবিচক। এসব উদ্বেগ নিরসন এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে সংস্থাটি বলেছে, পরিস্থিতি পর্যবেক্ষণে তারা পরিদর্শন চালাতে পারে।
চিঠিটি দেশি-বিদেশি এয়ারলাইনসের প্রতিনিধি এবং এয়ারলাইনস অপারেটিং কমিটির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)