মৌলভীবাজারে পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতার বাছাই পর্বে উত্তীর্ণ ৬
পবিত্র রমজান মাসে এনটিভিতে প্রচারিত পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৭-এর বাছাই পর্ব মৌলভীবাজার শহরের জাবালে নূর মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। এই জেলা থেকে প্রতিযোগিতার বাছাই পর্বে ছয়জন উত্তীর্ণ হয়েছেন।
আজ সোমবার (৯ নভেম্বর) শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় জাবালে নূর মাদ্রাসায় জেলা পর্যায়ে দিনব্যাপী বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে মোট ৫০ প্রতিযোগী বাছাই পর্বে অংশ নেন। এর মধ্যে ৬ জনকে বাছাই করা হয়েছে। বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ কারি হাসানুজ্জামান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলী, জাবালে নূর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হক, শিক্ষক হাফেজ কারি আব্দুল গাফফার, অভিভাবক ইমন আহমদ প্রমুখ।
পূর্ণ ৩০ পারা কোরআন শরিফের অনূর্ধ ১৬ বছর বয়সী হাফেজরা এতে অংশ নেন। মিডিয়া পার্টনার হিসেবে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির মাধ্যমে পবিত্র রমজান মাসে প্রতিদিন বাদ আছর সেরা হাফেজদের তিলাওয়াত পরিবেশিত হবে।
আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীকে নগদ চার লাখ, দ্বিতীয় স্থান অর্জনকারীকে তিন লাখ, তৃতীয় স্থান অর্জনকারীকে দুই লাখ ও চতুর্থ স্থান অর্জনকারী প্রতিযোগীকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। বিজয়ী প্রতিযোগীর উস্তাদদের পবিত্র বাইতুল্লাহ শরিফ জিয়ারতের সুযোগ থাকবে।
এ ছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জনকারী প্রতিযোগী পাবেন ৫০ হাজার টাকা করে। পাশাপাশি জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী আরও চারজনকে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।

এস এম উমেদ আলী, মৌলভীবাজার