বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, আরও কমতে পারে তাপমাত্রা
দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের দেওয়া আবহাওয়া পূর্বাভাস বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
দ্বিতীয় দিন রোববার (১ নভেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
তৃতীয় দিন সোমবার (২ নভেম্বর) বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
চতুর্থ দিন মঙ্গলবার (৩ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পঞ্চম দিন বুধবার (৪ নভেম্বর) দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ০৫ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক