শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে : ববি হাজ্জাজ
শিক্ষার্থীদের নতুন ধারণা ও সৃজনশীল প্রস্তাবের মাধ্যমে স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিতকরণ এবং সেগুলোর বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজে বের করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও নতুন ধারণাকে কাজে লাগিয়ে স্থানীয় সমস্যা সমাধানের পাশাপাশি রাষ্ট্রীয় নীতিনির্ধারণেও তাদের সম্পৃক্ত করার সুযোগ তৈরি করতে হবে।
আজ শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘গভর্নেন্স সলিউশনস কম্পিটিশনের’ বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু বড় বড় সমস্যার কথা বললে হবে না, এমন সমস্যা চিহ্নিত করতে হবে যার বাস্তবসম্মত ও কার্যকর সমাধান তারা নিজেরা প্রস্তাব করতে পারবে। সমস্যার ব্যাপ্তি, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রভাব কতটা গভীর, এসব বিষয় তথ্য-প্রমাণের মাধ্যমে উপস্থাপন করতে হবে। এ ক্ষেত্রে মাঠপর্যায়ে জরিপ, সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার, সংবাদ প্রতিবেদন ও নির্ভরযোগ্য গবেষণার পাশাপাশি প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন টুলও সহায়ক হিসেবে ব্যবহার করা যাবে।
সমাধান প্রস্তাবের ক্ষেত্রে বাস্তবায়নযোগ্যতার ওপর গুরুত্বারোপ করে ববি হাজ্জাজ বলেন, একটি ভালো সমাধান শুধু কাগজে-কলমে আকর্ষণীয় হলেই হবে না, বাস্তবে তা কার্যকর করা সম্ভব কি না, সেটিও বিবেচনা করতে হবে। সমাধান বাস্তবায়নে কোন কোন কর্তৃপক্ষের অনুমতি ও সহযোগিতা প্রয়োজন, কারা সম্পৃক্ত থাকবেন এবং কী ধরনের জনবল, অর্থ ও অন্যান্য সম্পদ প্রয়োজন, এসব বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। স্কুলের সামনে যানজট কিংবা বর্জ্য ব্যবস্থাপনার উদাহরণ দিয়ে তিনি সাময়িক উদ্যোগের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রতিযোগিতার বিশেষ দিক তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এটি প্রচলিত কোনো প্রতিযোগিতা নয়। বরং নিজেদের চিন্তা ও প্রস্তাবের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা ও নীতিনির্ধারণের প্রক্রিয়া কাছ থেকে বোঝার একটি সুযোগ। নির্বাচিত তিনটি দল তাদের প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে সংসদ সদস্যের কার্যালয় এবং শিক্ষা-সংশ্লিষ্ট বিষয় হলে প্রতিমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার সুযোগ পাবে।
ববি হাজ্জাজ জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২৪টি দলের লিখিত প্রতিবেদন সাত সদস্যের বিচারক প্যানেল মূল্যায়ন করবেন। সেখান থেকে নির্বাচিত সেরা পাঁচটি দল জাতীয় পর্যায়ের দর্শক ও অতিথিদের সামনে উপস্থাপনার সুযোগ পাবে, যার ভিত্তিতে চূড়ান্ত বিজয়ী দলগুলো নির্বাচন করা হবে।
কর্মশালায় প্রতিযোগিতার বিচারকমণ্ডলী, আয়োজক দলের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক