নতুন লঘুচাপ ঘনীভূত হওয়ার শঙ্কা, বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
ছত্তিশগড় এলাকায় অবস্থানরত স্পষ্ট লঘুচাপ ও দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট নতুন লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়া পূর্বাভাস বুলেটিনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় জানানো হয়, সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অপর লঘুচাপটি আরও শক্তিশালী বা ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আজ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
দ্বিতীয় দিন শনিবার (৩১ অক্টোবর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
তৃতীয় দিন রোববার (১ নভেম্বর) খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
চতুর্থ দিন সোমবার (২ নভেম্বর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পঞ্চম দিন মঙ্গলবার (৩ নভেম্বর) সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক ও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে বর্ধিত ৫ দিনের শেষভাগে সার্বিকভাবে দিন ও রাতের তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আজ ঢাকায় পূর্ব/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ০৪ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক