নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় ‘অর্ণব’, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে ছত্তিশগড় ও সংলগ্ন ওড়িশা এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে আগামী পাঁচ দিনজুড়েই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার নতুন এই বুলেটিন প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সিনপটিক অবস্থায় আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে স্থল গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন দক্ষিণ ওড়িশা এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল ও নিঃশেষ হয়ে যেতে পারে। একই সঙ্গে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ খুলনা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
দ্বিতীয় দিন শুক্রবার (৩০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তৃতীয় দিন শনিবার (৩১ অক্টোবর) রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
চতুর্থ দিন রোববার (১ নভেম্বর) রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। অন্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পঞ্চম দিন সোমবার (২ নভেম্বর) রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে বর্ধিত ৫ দিনের শেষভাগে তাপমাত্রা হ্রাস পাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এনটিভি অনলাইন ডেস্ক