৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪
ময়মনসিংহে ফুলবাড়ীয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ছয় লাখ ১০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল উপজেলার নাওগাঁও ইউনিয়নের রামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় এক হাজার টাকা মূল্যমানের ৬১০টি জাল নোট উদ্ধার করা হয়। একই সঙ্গে জাল টাকার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলার মোস্তফা ফকির (৪৮), ইসমাইল বিশ্বাস (৪৯) ফুলবাড়ীয়ার গোলাম মোস্তফা (৪৬) ও আবু সাঈদকে (২৫) গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বৃহস্পতিবার রাত ৯টায় এই খবর নিশিত করেছেন।
গ্রেপ্তার করা ব্যক্তিদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। জাল টাকার বিস্তার রোধ ও এর সঙ্গে জড়িত অপরাধী চক্রকে আইনের আওতায় আনতে ফুলবাড়ীয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আইয়ুব আলী, ময়মনসিংহ