রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে এসপির নিষেধাজ্ঞা
খুলনায় বিশেষ অভিযান শেষে গভীর রাতে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক (এসআই) শাহ আলম। পুলিশ কর্মকর্তার ওপর এমন ভয়াবহ হামলার পর মাঠ পর্যায়ের সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একাকী চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
আজ শনিবার (১০ অক্টোবর) খুলনা জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক জরুরি আদেশে এই নির্দেশ দেওয়া হয়। আদেশের অনুলিপি ইতোমধ্যে পুলিশের সংশ্লিষ্ট সকল দপ্তর ও ইউনিট ইনচার্জদের কাছে পাঠানো হয়েছে।
পুলিশ সুপারের আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। তবে ইদানীং দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের সদস্যরা সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং রাতের বেলা একা চলাফেরা না করার জন্য নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে সকল ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে নগরীর খানজাহান আলী রোডের খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের আক্রমণের শিকার হন এসআই শাহ আলম (৪৩)। দুর্বৃত্তদের ধারালো চাপাতির এলোপাতাড়ি কোপে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা তিন ব্যক্তিকে আসামি করে শুক্রবার রাতে মামলা দায়ের করেছেন। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, কোনো পুলিশ সদস্য যেন নতুন করে হামলার শিকার না হন, সেজন্যই এই সতর্কবার্তা জারি করা হয়েছে। বর্তমানে আহত পুলিশ কর্মকর্তা ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন এবং তিনি শঙ্কা মুক্ত রয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এম এম শাকিলুজ্জামান জানান, পুলিশ বাহিনীর সার্বিক নিরাপত্তা বিবেচনায় সব ধরনের সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা