ফেনীতে দেড় হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ কাজের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীতে এটিই তার প্রথম সফর।
সরকারি সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরের শুরুতে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন তিনি।
১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার এ প্রকল্পটি ফেনীর মুহুরী ও কহুয়া নদীকেন্দ্রিক বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যার ক্ষয়ক্ষতি কমানো, কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন এবং নদীতীরবর্তী এলাকার সুরক্ষায় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রধানমন্ত্রীর সফরসূচিতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা ও কৃষি সহায়তার কর্মসূচিও রয়েছে। ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে কৃষকদের সহায়তা কার্যক্রমও থাকবে।
এ ছাড়া সফরকালে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সরকারি বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ধর্মীয় সেবাদানকারীদের সম্মানী ভাতা কার্যক্রম নিয়েও আনুষ্ঠানিকতা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শিহাব আহাম্মেদ বলেন, ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ কাজ শুরু হতে যাচ্ছে। একনেকে অনুমোদিত এই মেগা প্রকল্পের আওতায় প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, সাড়ে ৮৩ কিলোমিটার নদী পুনঃখনন, সাড়ে ১১ কিলোমিটারের বেশি নদীতীর প্রতিরক্ষা কাজ এবং একটি হাইড্রোলিক এলিভেটেড ড্যাম নির্মাণ করা হবে।
জানা গেছে, ঐতিহাসিকভাবে ফেনীর ১২২ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণের উদ্যোগ শুরু হয়েছিল খালেদা জিয়ার প্রথম শাসনামলে। এবার সেই প্রকল্পের আধুনিকায়ন ও সম্প্রসারিত রূপের কাজের উদ্বোধন হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে।
১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রকল্পের উদ্বোধন ফেনীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজীসহ বন্যাপ্রবণ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা- টেকসই বাঁধ, কার্যকর পানি নিষ্কাশন এবং উন্নত সেচব্যবস্থা।
১ হাজার ৫৪২ কোটি টাকার প্রকল্পের বাস্তবায়ন সেই প্রত্যাশা পূরণে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।
ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী