মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পটি অনুমোদনের খবরে স্থানীয় সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে উপকূলীয় এ অঞ্চলের দীর্ঘদিনের নদীভাঙন, বন্যা, জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনসংক্রান্ত সমস্যার টেকসই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলাম মোমিত ফয়সাল বলেন, দ্রুত ও সঠিকভাবে কাজ সম্পন্ন হলে উপকূলীয় এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি কৃষি, মৎস্য ও যোগাযোগব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটবে।
২০২৪ সালের ২৬ আগস্ট প্রবল বর্ষণ ও উজানের ঢলে মুছাপুরের ২৩ ভেন্টের রেগুলেটরটি ভেঙে গেলে পুরো এলাকায় নদীভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হয়। পরবর্তীতে এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ও পানি নিষ্কাশনব্যবস্থা জোরদার করতে নতুন করে এ প্রকল্প গ্রহণ করা হলো।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী