বদলগাছীতে ৯ মাসে ২৫ আত্মহত্যা, ৬ হত্যা
নওগাঁর বদলগাছীতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ২৫ জন আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে শিশু-কিশোর, নারী ও পুরুষ রয়েছেন। একই সময়ে উপজেলায় ছয়টি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। আত্মহত্যা ও হত্যাকাণ্ডের এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা।
সভায় আত্মহত্যার প্রবণতা কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিশু-কিশোরদের মানসিক চাপ, হতাশা ও আচরণগত পরিবর্তনের বিষয়ে নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়।
ছয়টি হত্যাকাণ্ডের বিষয়েও সভায় আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলার সারসংকট নিয়েও আলোচনা হয়। কৃষকদের ঘণ্টার পর ঘণ্টা ডিলারের দোকানে লাইনে দাঁড়িয়েও প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। অনেক কৃষককে এক ডিলারের দোকান থেকে অন্য ডিলারের দোকানে ঘুরতে হচ্ছে বলেও সভায় জানানো হয়।
চলতি মাসের তুলনায় আগামী মাসে কৃষকদের সারের চাহিদা আরও বাড়তে পারে। এ কারণে সম্ভাব্য সংকট মোকাবিলায় অতিরিক্ত সার বরাদ্দ আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে তাগিদ দেওয়া হয়।
উপজেলায় বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব নিয়েও সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। কুকুরের কামড়ে শিশুসহ সাতজন আহত হওয়ার তথ্য সভায় তুলে ধরা হয়। পাগলা কুকুরগুলোকে প্রয়োজনীয় ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন।
আধাইপুর এলাকায় এক বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগও সভায় ওঠে। উপজেলার চার শতাধিক ছেলে-মেয়েকে ভাষা শেখানোর কথা বলে চীন ও জাপানে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নেওয়া হয়েছে বলে সভায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ থাকার পরও অভিযুক্ত ব্যক্তিকে কেন গ্রেপ্তার করা হয়নি, তা নিয়ে সভায় প্রশ্ন ওঠে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায়।
বদলগাছীতে স্টেডিয়াম থাকা সত্ত্বেও শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলার সুযোগ না থাকার বিষয়টিও সভায় গুরুত্ব পায়। তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে চলতি মাসেই বিভিন্ন খেলাধুলা শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আত্মহত্যা ও হত্যাকাণ্ড, সারসংকট, বেওয়ারিশ কুকুরের উপদ্রব এবং প্রতারণার অভিযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।
এ সময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কানিজ ফারহানা, আট ইউনিয়নের চেয়ারম্যান এবং বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)