শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তিনেতাকে পুলিশে সোপর্দ
সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানানোর অভিযোগে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে এর আগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাব্বি হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের মূলনীতি, নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কার্যকলাপের অভিযোগে রাব্বি হোসেনকে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযুক্ত মো রাব্বি হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫২তম ব্যাচের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী।
জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীর ফেসবুক পোস্টে মন্তব্য করেন রাব্বি হোসেন। সেখানে তিনি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা রাব্বি হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
তবে রাব্বি হোসেনের দাবি, শেখ হাসিনাকে ‘শুভ জন্মদিন, আপা’ মন্তব্যটি তিনি ‘সার্কাজম’ হিসেবে করেছিলেন। ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সরাসরি অংশ নিয়েছেন দাবি করে বলেন, ‘আমি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম বলেন, ‘আমরা জানতে পেরেছি, সে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে। পরে শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে আসে। বর্তমানে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে।’

আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়