৮ বছরেও চালু হয়নি সাতক্ষীরা মেডিকেলের এস্কেলেটর, ৩ লিফটও বিকল
সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে একটি চলন্ত সিঁড়ি (এস্কেলেটর) স্থাপন করা হয়েছিল। তবে ২০১৮ সালে নির্মাণের পর দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তা চালু করা হয়নি। খোলা জায়গায় পড়ে থেকে যন্ত্রটি যেমন নষ্ট হচ্ছে, তেমনি পরিচর্যার অভাবে বন্ধ হয়ে পড়েছে হাসপাতালের ৩টি লিফট। এতে একদিকে বিপুল পরিমাণ সরকারি অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১৮ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের মাধ্যমে ৫৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এস্কেলেটরটি স্থাপন করা হয়। ৫০০ শয্যার এই ১০তলা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিন গড়ে ২ থেকে ৩ হাজার রোগী ও তাদের স্বজনরা আসেন। তাদের ওঠানামার জন্য মোট ১০টি লিফট থাকলেও বর্তমানে ৩টি সম্পূর্ণ বিকল। ফলে জরুরি সেবা ও রোগীদের আনা-নেওয়ার ক্ষেত্রে চরম সংকট তৈরি হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খোদা বলেন, চলন্ত সিঁড়িটি চালু করা এবং ৩টি বিকল লিফট মেরামতের তাগিদ দিয়ে চলতি বছরের ৫ জুলাই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে লিখিত চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বিষয়টি স্বীকার করে খুলনা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে হাসানুজ্জামান বলেন, ১০টি লিফট থাকার পরও এখানে এস্কেলেটর বসানো একটি অপ্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল। তবে এটি কেন চালু হয়নি তা টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করে দেখা হবে এবং বন্ধ থাকা লিফটগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আনিছুর রহমান, সাতক্ষীরা (সদর-কলারোয়া-তালা-ভোমরা স্থলবন্দর)