ভারতীয় সেই নাগরিক ফের রিমান্ডে
নাশকতার সম্পৃক্ততার সন্দেহে গ্রেপ্তার ভারতের পশ্চিমবঙ্গে নাগরিক আসা রবিউল ইসলামকে (৪৪) ফের চার দিন রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন। এর আগে গত বুধবার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রবিউলকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) বিনয় কুমার রায়। এরপরে তাকে চার দিনের রিমান্ড দেওয়া হয়। আজ আবার দ্বিতীয় দফা সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম গত ১৪ সেপ্টেম্বর ভারত থেকে বাংলাদেশে আসে। এরপর তার গতিবিধি সন্দেহজনক ছিল। নিজেকে ভারতীয় নাগরিক দাবি করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পাসপোর্ট দেখালেও পরবর্তীতে তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি পরীক্ষা করা হয়। এতে ড্রাইভিং লাইসেন্স ও এনআইডিতে থাকা জন্মতারিখের সঙ্গে পাসপোর্টের জন্ম তারিখের কোনো মিল পাওয়া যায়নি।
আবেদনে আরও বলা হয়, রবিউল এর আগেও একাধিকবার বাংলাদেশে আসা-যাওয়া করলেও এর কোনো সুনির্দিষ্ট কারণ দেখাতে পারেনি। একেক সময় একেক ধরনের তথ্য দিয়ে সে তদন্ত বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, রবিউল বাংলাদেশে কোনো ধর্তব্য অপরাধ বা সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে প্রবল সন্দেহ করা হচ্ছে।

আদালত প্রতিবেদক