আইন লঙ্ঘনকারীদের সরকার কঠোর হস্তে দমন করবে : মাহদী আমিন
বাংলাদেশে গত দুই দিনে রাজধানীর মিরপুরে একটি ক্লিনিকে হামলা-ভাঙচুরসহ কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, আমরাতো তখন জার্নিতে ছিলাম; যতটুকু জানি মিরপুর-১ এর স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলায় ৯ জনকে খুব দ্রুততম সময়ে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের অবস্থান এখানে খুবই স্পষ্ট। যদি কেউ সরকারের কর্তাব্যক্তির নাম কিংবা দলের কারো নাম বা পরিচিতি ব্যবহারের মাধ্যমে এ ধরনের কাজ করে; তাহলে আইন তার নিজের গতিতে চলবে। সরকার সেখানে সর্বোচ্চ কঠোর অবস্থান নিবে এবং যত দ্রুত সম্ভব; তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই কথা বলেন।
মাহদী আমিন আরও বলেন, যারা সেখানে আইন লঙ্ঘন করছে কিংবা কোনো ধরনের অস্থিতিশীলতা করার চেষ্টা করবে, সরকার অবশ্যই কঠোর হাতে তা দমন করবে। সে প্রগ্রেস দেখতে পাচ্ছেন আমরা বিশ্বাস করি- আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দায়িত্বে রয়েছেন; আইন দ্রুততর গতিতে কার্যকরের ক্ষেত্রে যেখানে যে স্টেপ নেওয়া প্রয়োজন সেগুলো তারা নেবেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ইতোপূর্বে আমরা দেখেছি- যদি বিচ্ছিন্নভাবেও কোথাও কোনো কিছু করা হয়; দ্রুত সময়ে গ্রেপ্তার এবং তদন্ত করা হচ্ছে। নিশ্চিত করা হবে যেন আইনের অনুশাসন প্রাধান্য পায়। এ ধরনের যে কোনো দুষ্কৃতকারী যদি থাকে; যারা সেখানে আইনের লঙ্ঘন করছে কিংবা যারা কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করবে সরকার অবশ্যই কঠোরভাবে সেটা দমন করবে।

নিজস্ব প্রতিবেদক