ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ভুট্টাবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৭ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফেরদৌস মণ্ডল (২৫) ও বারাইল গ্রামের জুবায়দুল ইসলাম (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক প্রবাসী ও তার আত্মীয়দের নিয়ে আটজন যাত্রীসহ একটি মাইক্রোবাস জয়পুরহাটের আক্কেলপুরের দিকে যাচ্ছিল। পথে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও এক যাত্রী মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত সাতজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আতিকুর রহমান সোহাগ, বগুড়া