ফরিদপুরে এনসিপিনেতা শাহেদের ৬ মাসের দণ্ড
অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় অবস্থিত এনসিপিনেতার মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ নামের ওই কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন।
অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো।
দণ্ডাদেশপ্রাপ্ত এনসিপিনেতা বায়েজিদ আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা। তবে বর্তমানে তারা শহরের গোয়াচামট মহল্লায় বসবাস করেন।
স্থানীয়রা জানায় জানান, বায়েজিদ ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অবৈধভাবে এই কারখানাটি পরিচালনা করে আসছেন। এখানে শিশুদের জন্য বেবি জেল, প্রাপ্তবয়স্কদের বিভিন্ন ধরনের যৌন উত্তেজকসহ বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো বলেন, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬/১ ধারা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। মো. বায়েজিদ হোসেন শাহেদের কারখানা থেকে বিপুল অবৈধ ওষুধ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে জেলা এনসিপির সদস্য সচিব সাইফ হাসান খাঁন বলেন, কোনো রকম অন্যায়ের সঙ্গে আমাদের কোনো আপস নেই। আমাদের দলীয় কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে খোঁজখবর নেব এবং বিষয়টি কেন্দ্রে জানানো হবে।

সঞ্জিব দাস, ফরিদপুর