আদালত অবমাননা, দুই আইনজীবীর বিরুদ্ধে পরবর্তী শুনানি ২৬ অক্টোবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের ঘটনায় আওয়ামীপন্থি দুই আইনজীবীর বিরুদ্ধে পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন ট্রাইব্যুনালে দুই আইনজীবীর পক্ষে সময় চান জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী এবং ট্রাইব্যুনালের পূর্ণ বেঞ্চে শুনানির আর্জিও জানান তিনি। পরে আগামী ২৬ অক্টোবর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, জহিরুল আমিন, আবদুস সাত্তার পালোয়ান, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর।
সাংবাদিকদের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আদালত অবমাননার ঘটনায় ব্যাখ্যা দিতে যথারীতি হাজির হয়েছিলেন দুই আইনজীবী। কিন্তু ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এজন্য পরবর্তী শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল।
এদিন সকালে ট্রাইব্যুনালকে ক্যাঙারু কোর্ট বলার ব্যাখ্যা দিতে হাজির হন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান তুষার ও ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী।
গত ১৬ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। পরে দুজনকে সশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।
প্রসিকিউশন জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। তবে এ রায় নিয়ে ফেসবুকে আলাদা আলাদা পোস্ট করেন আইনজীবী তুষার ও হাসান। তাদের পোস্টটি নজরে আসে ট্রাইব্যুনালের। এর পরিপ্রেক্ষিতে দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

নিজস্ব প্রতিবেদক