মানবতাবিরোধী অপরাধ : ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলা, উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একইসঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামিদের আগামী ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় প্রসিকিউটর এসএম মইনুল করিম ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগটি পড়ে শোনান।
এই মামলায় আসামিরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক আ. ক. ম. জামাল উদ্দীন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, তৎকালীন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
শুনানি শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের নির্দেশনা ও পরামর্শে এবং পরে তাদের নির্দেশ ও সহযোগিতায় অন্যদের দিয়ে পাঁচজনকে হত্যা ও অসংখ্য ব্যক্তিকে নির্যাতনের অভিযোগে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। তিনি বলেন, যাদের হত্যার অভিযোগ আনা হয়েছে তারা হলেন— মো. শাহজাহান, খালিদ হাসান সাইফুল্লাহ, সাইফুল ইসলাম শোভন, আব্দুল ওয়াদুদ ও শাওন শিকদার।
প্রসিকিউটর বলেন, অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামিদের এ মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক