ভারতে ৩৩ মাস কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি
অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতে ৩৩ মাস কারাভোগের পর এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিককে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিএসএফ তাদের সোনাহাট বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে সন্ধ্যায় বিজিবি তাদের ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে।
ফেরত আসা ব্যক্তিরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বাসিন্দা আব্দুল জলিল ও মোজাফফর হোসেন এবং মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বাসিন্দা শারমিন আক্তার।
পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন ওই তিন বাংলাদেশি। আইনি প্রক্রিয়া শেষে আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন। কারাভোগের নির্ধারিত মেয়াদ শেষ হলে বিএসএফ ও বিজিবির পতাকাবৈঠক এবং আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে স্বদেশে ফিরিয়ে আনা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ফেরত আসা নাগরিকদের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা থানায় পৌঁছালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হবে।
এ বিষয়ে বিজিবির বক্তব্য জানার জন্য সোনাহাট বিজিবি ক্যাম্প ও কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়কের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)