শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহীর বেশকিছু এলাকায় টানা সাড়ে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর সম্মানিত গ্রাহকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) তালাইমারী, মতিহার, ধরমপুর, ফুলতলা, সোরাফানের মোড়, ধরমপুর, কাজলা, বিনোদপুর, মির্জাপুর, মকবুল হাওলাদারের মোড়, মাছোপাড়া, বেলদারপাড়া, ঢাকা বাস স্ট্যান্ড, বটতলা এবং তৎসংলগ্ন এলাকায় সকাল ৭টা হতে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, সাময়িক এ অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এনটিভি অনলাইন ডেস্ক