পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে ঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।
নিহত দুই শিশু হলো- সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) ও কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)। ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর পরিবারের সদস্যরা শিশু দুটির খোঁজ করতে গিয়ে বাড়ির অদূরে একটি ঘেরের পানিতে তাদের ভাসতে দেখেন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে গ্রাম্য চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর সুরতাহাল সম্পন্ন করেছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি বলেন, ছাগল বাঁধতে ঘেরের ভেড়িতে গিয়েছিল শিশু দুটি।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মাদ আলী সাহাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আফজাল হোসেন, সাতক্ষীরা (শ্যামনগর-কালীগঞ্জ-দেবহাটা)