বিদেশি পিস্তল ও গুলিসহ খুলনায় তিন সন্ত্রাসী গ্রেপ্তার
খুলনা মহানগরীর লবণচরা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ডালিম ও তার দুই সহযোগীকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ডালিম খান (৪০) এবং তার দুই সহযোগী রানা (২৫) ও আব্দুল্লাহ আল নোমান প্রকাশ (২৮)। তারা সবাই খুলনার লবণচরা থানা এলাকার বাসিন্দা।
লবণচরা থানার আমতলা দ্বিতীয় গলিতে গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং তিন রাউন্ড সীসা গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে খুলনার লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হস্তান্তর করা হবে।
খুলনা এসআরবি-৬ এর সিও লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, আমাদের এই চৌকস বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে চলেছে। তাদের অভিযানে অশান্ত খুলনা ধীরে ধীরে উন্নতি হতে চলেছে। এসআরবি অভিযানে অসংখ্য অবৈধ অস্ত্র, দাগী আসামি, শীর্ষ সন্ত্রাসী, ডাকাত, অপহরণকারীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা