ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করায় নারী কারাগারে
ঝিনাইদহে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগে মামলায় করায় বিউটি খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সদর থানা পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বেঞ্চ সহকারী মো. বসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিউটি খাতুন জেলার শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাবর আলীর মেয়ে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চরমুরারিদহ গ্রামের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিউটি খাতুনের সঙ্গে ব্যবসায়ী মিরাজ জামান রাজের বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিরোধের জেরে বিউটি খাতুন ওই ব্যবসায়ীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। তদন্তে মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলাটি খারিজ করে দেন।
এ ঘটনায় ব্যবসায়ী মিরাজ জামান রাজ নারী ও শিশু নির্যাতন দমন আইনে পিটিশন দায়ের করেন। আদালত পিটিশনটি আমলে নিয়ে বিউটি খাতুনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ব্যবসায়ী মিরাজ জামান রাজ বলেন, দীর্ঘদিন ধরে বিউটি খাতুনের সঙ্গে আমার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। পরে তিনি আমার নামে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ করেন। অভিযোগ আদালতে প্রমাণ হয়নি। এরপর আমি তার বিরুদ্ধে পাল্টা মামলা করেছি। কারণ, তিনি আমার নামে মিথ্যা অভিযোগে আদালতে মামলা করে আমাকে হেনস্থা করেছেন। আমার মানসম্মানের ক্ষতি করেছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে বিউটি খাতুনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)