কবরস্থানের জমির টাকা নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা, বাড়িতে আগুন
শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি কেনার টাকা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আনোয়ার ভূঁইয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভুমখাড়া ইউনিয়নের মানাখান এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও অন্তত ২ জন আহত হয়েছেন।
নিহত আনোয়ার ভূঁইয়া মানাখান এলাকার সেকেন্দার ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, মানাখান এলাকায় স্থানীয় একটি কবরস্থানের জমি কেনার টাকা তোলা নিয়ে একই এলাকার জয়দুল ঢালীর সঙ্গে আনোয়ার ভূঁইয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে। বুধবার সন্ধ্যায় ওই বিরোধ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জয়দুল ঢালী লাঠি দিয়ে আনোয়ার ভূঁইয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত জয়দুল ঢালীর বাড়িতে অগ্নিসংযোগ করে।
নড়িয়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, কবরস্থানের জমি কেনার টাকার বিরোধের জেরে লাঠির আঘাতে আনোয়ার ভূঁইয়া নামে এক ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর