জিয়াউল আহসানকে একক ভ্যানে না এনে বন্দিদের সঙ্গে বহনের আবেদন
মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একক ভ্যানে না এনে অন্যান্য বন্দিদের সঙ্গে বহন করার আবেদন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কাছে এ আবেদন করেন তার আইনজীবী নাজনীন নাহার।
আইনজীবী নাজনীন নাহার বলেন, ‘এটি আনঅফিশিয়াল আবেদন। মামলা-সংক্রান্ত কোনো আবেদন নয়।’
আবেদনে আইনজীবী বলেন, ‘মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের কাছ থেকে বুধবার জানতে পেরেছি যে, কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে অন্যান্য বন্দি থেকে পৃথক করে একক ভ্যানে বহন করা হচ্ছে। বিষয়টি উদ্বেগজনক। কেননা, একক ভ্যানে বহনের সময় তার কোনো ধরনের দুরভিসন্ধিমূলক ক্ষতির আশঙ্কা করছি।’
আবেদনে আরও বলা হয়, ‘এমতাবস্থায় তাকে একক ভ্যানে বহন না করে অন্যান্য বন্দীর সঙ্গে বহন করে তার জীবননাশের আশঙ্কা থেকে মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

নিজস্ব প্রতিবেদক