রামগতিতে ২০০ জনের বিএনপিতে যোগদানের খবর সত্য নয় : পৌর জামায়াত
লক্ষীপুর রামগতি পৌর জামায়াতের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সেক্রেটারি হাসান উদ্দিন রাসেলের বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে ২০০ জনের যোগদানের যে প্রচারণা চালানো হচ্ছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে রামগতি পৌর জামায়াত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন জামায়াতে ইসলামী রামগতি পৌরসভার আমির মাওলানা আবুল খায়ের মো. ইসমাইল। এ সময় দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পৌর জামায়াত আমির আবুল খায়ের ইসমাইল বলেন, প্রচারিত খবরে উল্লেখিত হাসান উদ্দিন রাসেল একসময় রামগতি পৌর জামায়াতের ১ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ছিলেন। তবে প্রায় দুই বছর আগে তার সাংগঠনিক নিয়ম-কানুন ও সংগঠনের সিদ্ধান্তবহির্ভূত কর্মকাণ্ডের কারণে জামায়াতের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আবুল খায়ের ইসমাইল জানান, ২০২৫ সালের মার্চে হাসান উদ্দিন রাসেল ১ নম্বর ওয়ার্ড সংগঠনের সঙ্গে যোগাযোগ করে কাউন্সিলর প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে ওয়ার্ড সংগঠন তৃণমূলের মতামত নিলেও তার পক্ষে কোনো মতামত পাওয়া যায়নি। এরপর তিনি বিএনপি থেকে প্রার্থী হওয়ার জন্য যোগাযোগ করেন এবং গত ১২ সেপ্টেম্বর বিএনপিতে যোগদান করেন।
মাওলানা আবুল খায়ের বলেন, হাসান উদ্দিন রাসেল বিএনপিতে যোগদান করেছেন—এটি সত্য। তবে তিনি একাই যোগদান করেছেন। তার সঙ্গে রামগতি পৌর জামায়াতের অন্য কোনো জনশক্তি বিএনপিতে যোগদান করেনি। তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে ২০০ জনের যোগদানের যে প্রচারণা চালানো হচ্ছে, তা সত্য নয়। এ ধরনের প্রচারণার প্রতিবাদ জানিয়ে তিনি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
পৌর জামায়াত আমির রামগতি পৌর বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, সত্য ও দায়িত্বশীল রাজনীতির স্বার্থে ভবিষ্যতে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকা উচিত। একই সঙ্গে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।

এনটিভি অনলাইন ডেস্ক