প্রযুক্তির মাধ্যমে সহজে আইনসেবা দিতে লেক্সগ্লোবাল বিডির যাত্রা
কাগজপত্রের জটিলতা, আইনের কঠিন ভাষা এবং সঠিক আইনজীবী খুঁজে পাওয়ার অনিশ্চয়তায় সাধারণ মানুষকে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয়। এই সমস্যা কমাতে প্রযুক্তিনির্ভর আইনসেবা প্ল্যাটফর্ম লেক্সগ্লোবাল বিডি যাত্রা শুরু করেছে।
গত ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে চালু হওয়া প্ল্যাটফর্মটির লক্ষ্য সাধারণ মানুষ ও আইনজীবীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো- দালালমুক্ত ও সহজ আইনসেবা নিশ্চিত করা।
লেক্সগ্লোবাল বিডির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আইনি সমস্যা সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়া, প্রয়োজনীয় আইন ও ধারা সম্পর্কে তথ্য খোঁজা, আইনি নথি তৈরিতে সহায়তা নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী আইনজীবী খুঁজে নেওয়ার সুযোগ পাবেন।
প্ল্যাটফর্মটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জটিল আইনি বিষয় সহজ ভাষায় বোঝানো এবং প্রাথমিক দিকনির্দেশনা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এআই কোনোভাবেই আইনজীবীর বিকল্প নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
লেক্সগ্লোবাল বিডির প্রতিষ্ঠাতা ও কোর৪২-এর লিড এআই রিসার্চ অ্যাসোসিয়েট মো. নাহিদ আলম বলেন, আমরা আইনজীবীকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছি না। বরং আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে যে দূরত্ব রয়েছে, তা কমিয়ে আনাই আমাদের উদ্দেশ্য।
ভবিষ্যতে সাধারণ মানুষ, আইনজীবী ও আইন শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল লিগ্যাল ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আলমগীর হোসেন, রাজশাহী (বাগমারা)