ফুফাতো ভাইয়ের বাসায় পানির ট্যাংক পরিষ্কারে নেমে মৃত্যু
মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ বাজারে পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দেওভোগ বাজার এলাকায় তার ফুফাতো ভাইয়ের বাসায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেনের বাড়ি মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি আমতলা এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে পানির ট্যাংক পরিষ্কার করার জন্য ভেতরে নামেন দেলোয়ার। সেখান থেকে পরবর্তীতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী সরকার বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে স্বজনেরা তার মৃগী রোগ ছিল বলে জানিয়েছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ