শিক্ষার্থীদের মাঝে এক হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
পরিবেশ সংরক্ষণ ও সবুজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় দুই শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের উদ্যোগে কীর্ত্তিপুর উচ্চবিদ্যালয় ও কীর্ত্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম। রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুর রউফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কীর্ত্তিপুর উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম আল কাফি তুহিন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের তাগিদ দেন। তিনি শিক্ষার্থীদের চারা রোপণের পর তার সঠিকভাবে পরিচর্যা করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন।
আয়োজক সূত্র জানায়, রাজশাহী শিক্ষা বোর্ডের উদ্যোগে অঞ্চলটির ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ