ফরিপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ (৪৬) নিহত হয়েছেন। তিনি এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি। এ সময় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা মাহামুদুল হাসান অনিক আহত হয়েছেন।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কাজী আশরাফের মৃত্যুতে নড়াইল জেলায় কর্মরত সাংবাদিকরা শোক জানিয়েছেন।
কাজী আশরাফ লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে।
নিহত কাজী আশরাফের মেয়েজামাই সনি চৌধুরী জানান, আজ রোববার সকালে কাজী আশরাফ ও মাহামুদুল হাসান অনিক ব্যক্তিগত কাজে নড়াইলের লোহাগড়া থেকে মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুর জেলার ভাঙ্গা মনসুরাবাদ এলাকায় মোটরসাইকেলটি চলন্ত অবস্থায় একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে কাজী আশরাফ গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলে তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিক সামান্য আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২ টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা মুঠোফোনে জানান, সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান বলে জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম. মুনীর চৌধুরী, নড়াইল
সঞ্জিব দাস, ফরিদপুর