শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের তিন দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব
বাংলাদেশের অন্যতম সুপরিচিত নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’ এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) শিল্পকলা একাডেমি চত্বরে বর্ণাঢ্য র্যা লির মধ্যদিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এতে নৃত্যাঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও কলাকুশলীদের পাশাপাশি প্রতিষ্ঠানের দুই পরিচালক, বরেণ্য নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ অংশগ্রহণ নেন। র্যা লি শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তারা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উৎসবের দ্বিতীয় দিন আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে শিশু-কিশোরদের ব্যতিক্রমধর্মী নৃত্যানুষ্ঠান ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
‘নৃত্যাঞ্চল’র রজতজয়ন্তী উৎসবের শেষ দিন রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে সমাপনী আয়োজন ‘নৃত্যমালিকা’। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকবে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নৃত্যজুটি শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের বিশেষ নৃত্য পরিবেশনা।
রজতজয়ন্তী উৎসব উপলক্ষে শনিবার ও রোববার জাতীয় নাট্যশালা মিলনায়তনের লবিতে প্রদর্শিত হবে নৃত্যাঞ্চলের ২৫ বছরের পথচলার বিশেষ প্রদর্শনী। এতে প্রতিষ্ঠার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত নৃত্যাঞ্চলের বিভিন্ন কর্মকাণ্ড, পরিবেশনা, অর্জন ও স্মরণীয় মুহূর্তের আলোকচিত্র ও বিভিন্ন স্মারক তুলে ধরা হবে।
তিন দিনব্যাপী এই রজতজয়ন্তী উৎসবের মিডিয়া পার্টনার মাছরাঙা টেলিভিশন এবং সহযোগিতায় ছিল শাহ সিমেন্ট।

এনটিভি অনলাইন ডেস্ক