এনটিভির কার্যালয়ে ওমানের রাজপরিবারের সদস্য
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির কার্যালয় পরিদর্শন করেছেন ওমানের রাজপরিবারের সম্মানিত সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদ এবং বাংলাদেশে ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফাথিয়া আহমেদ আল বালুশি। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত এনটিভির কার্যালয় পরিদর্শন করেন তারা।
ওমানের রাজপরিবারের সদস্যকে স্বাগত জানান এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। পরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় ও দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন তারা।
এ সময় এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ ও মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ওমানের রাজপরিবারের সদস্য ও তার সফরসঙ্গীরা এনটিভির অনলাইন, বার্তা বিভাগ, স্টুডিওসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এনটিভির বার্তা পরিবেশনা ও সার্বিক গণমাধ্যম পরিচালনা কার্যক্রমের প্রশংসা করেন তারা।
পরিদর্শনকালে বিভিন্ন বিভাগ, সংবাদকক্ষ ও সম্প্রচার কার্যক্রম সম্পর্কে ওমানের রাজপরিবারের সদস্য ও চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবহিত করেন এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। তারা এনটিভির সাংবাদিকতা, অনুষ্ঠান নির্মাণ এবং প্রযুক্তিনির্ভর সম্প্রচার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে এনটিভির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক