নববধূর আত্মহত্যা : স্বামী রাহাত ২ দিনের রিমান্ডে
ঢাকার শ্যামপুরের ডিআইটি প্লট এলাকায় আফরা খান (১৬) নামে এক নববধূর আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী রাহাত হোসেনকে (২২) দুই দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আব্দুস ছবুর বিষয়টি জানিয়েছেন।
এসআই আব্দুস ছবুর বলেন, ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামিকে হাজির করে গত ২২ আগস্ট সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন। এরপর আদালত রিমান্ড শুনানির জন্য আজ মঙ্গলবার দিন নির্ধারণ করেন।
নথি থেকে জানা গেছে, গত ২০ আগস্ট রাজধানীর শ্যামপুর থানায় রাহাতসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন নিহত আফরার মা লাকী আক্তার। অপর তিন আসামি হলেন—রাহাতের মা সোনিয়া আক্তার, বাবা লিটন ব্যাপারী ও বড় ভাই সাইফ হোসেন। এরপর গত ২১ আগস্ট শ্যামপুরের ডিআইটি প্লটের নিজ বাসা থেকে রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয় এবং সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
এজাহার থেকে জানা গেছে, গত ৮ মে পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রাহাত ও আফরা। বিয়ের পর থেকেই রাহাত বিভিন্ন বিষয় নিয়ে আফরাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করত। এর প্রতিবাদ করলে আসামিরা আফরাকে মারধর করত। তারা আফরাকে ভয়ভীতি, হুমকি, মানসিক নির্যাতনসহ অপমান করে হয়রানি ও মানসিকভাবে বিপর্যস্ত করত। এরপর গত ২০ আগস্ট আসামি সোনিয়া আক্তার ভুক্তভোগীর মাকে ফোন করে জানায়, আফরা অজ্ঞান হয়ে পড়ে গেছে। তাকে সূত্রাপুর একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায় লিটন ব্যাপারী ও সাইফ। আফরার মা হাসপাতালে যান। সেখানে গিয়ে মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। সেখান থেকে আফরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদালত প্রতিবেদক