রোহিঙ্গা সংকট নিরসনে অস্ট্রেলিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে : হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার সুসান রাইল বলেছেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে অস্ট্রেলিয়া। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসনে অস্ট্রেলিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন অস্ট্রেলীয় হাইকমিশনার।
সাক্ষাৎকালে উভয়ে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শ্রমিকদের কর্মসংস্থান এবং আঞ্চলিক ও বৈশ্বিকসহ দ্বিপক্ষীয়-বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ও অস্ট্রেলিয়ার টিএএফই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং বাংলাদেশি পরিচর্যাকারীদের (কেয়ারগিভার) প্রশিক্ষণের বিষয়ে অস্ট্রেলিয়ার সহায়তা কামনা করেন।
রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার ধারাবাহিক সমর্থনের প্রশংসা করে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, এই দীর্ঘস্থায়ী সংকটের একটি টেকসই সমাধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা অব্যাহত থাকবে।
হাইকমিশনার সুসান রাইল পুনর্ব্যক্ত করেন, অস্ট্রেলিয়া বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং স্বাস্থ্য বিষয়ক খাতে বাংলাদেশকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে। রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসনেও অস্ট্রেলিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।
হাইকমিশনার আরও উল্লেখ করেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে ঘনিষ্ঠভাবে পারস্পরিক সহযোগিতা করে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক