দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬
কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলায় ২৮৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত দুই মাসে দাউদকান্দি মডেল থানার পুলিশ ১ লাখ ২৪ হাজার ৯৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৫৭৫ বোতল ফেয়ারডি সিরাপ, ১ হাজার ২০১ বোতল স্কাফ সিরাপ এবং ছয় বোতল বোটকা উদ্ধার করেছে। একই সময়ে দুটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
এ ছাড়া মাদক মামলায় ৫৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ৯৪ জন, ডাকাতির মামলায় ৫৬ জন এবং ছিনতাইকারী ও চোর হিসেবে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৭৫ জনকে। সব মিলিয়ে দুই মাসে মোট ২৮৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, কুমিল্লা জেলার মধ্যে দাউদকান্দি একটি গুরুত্বপূর্ণ স্থান। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক ও অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত টহল জোরদার করা হচ্ছে। মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও চুরিসহ অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা