সৌদি আরব সফরে নৌবাহিনী প্রধান
নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীর মধ্যে বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে।
নৌবাহিনী প্রধান সৌদি আরব অবস্থানকালে বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। নৌবাহিনী প্রধানের এ সফর দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)